রাশিয়া থেকে নিজস্ব মুদ্রায় তেল-কয়লা কিনছে চীন

রাশিয়া থেকে নিজস্ব মুদ্রায় অর্থাৎ ইউয়ানে তেল-কয়লা কিনছে চীন। ইউক্রেনে হামলার পরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। তবে এ সময় মস্কোর সঙ্গে পেইচিংয়ের সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

চীনের কনসালটেন্সি ফেনওয়েই এনার্জি ইনফরমেশন সার্ভিস কোম্পানি জানায়, মার্চে চীনের বেশ কিছু কোম্পানি রাশিয়া থেকে কয়লা কেনার ক্ষেত্রে ইউয়ান ব্যবহার করেছে। চলতি মাসেই কিছু কার্গো জাহাজের প্রথম চালান নিয়ে চীনে পৌঁছাবে। রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার পর এটাই মস্কো ও পেইচিংয়ের মধ্যে ইউয়ানে লেনদেনের ঘটনা।

এদিকে এশিয়ার বড় অর্থনীতির দেশটির কাছে তেলও ইউয়ানে বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়ার বিক্রেতারা। তাছাড়া চীনের মুদ্রায় কেনা রাশিয়ার তেলের একটি চালান মে মাসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনেকেই মনে করছেন ডলারের জন্য হুমকি হতে পারে চীনের ইউয়ান। যদিও বিশ্বে এখনো ডলারের একক আধিপত্য রয়েছে। ২০১৯ সালে বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে ডলার ব্যবহার করা হয় ৮৮ শতাংশ। একই সময়ে ইউয়ান ব্যবহার করা হয় মাত্র ৪ দশমিক ৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরই মধ্যে শত শত বেসামরিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে। এদিকে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন ৩০ লাখের বেশি মানুষ।