আগামী ২০২৫ সালের মধ্যে আইসিটি সেক্টর থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় করতে সক্ষম হব, সেই সঙ্গে ৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শনিবার বিকেল ৩টায় হাকিমপুরের হিলির খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদে আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার-৩ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে ১ লাখ ৯ হাজার কানেক্টিভিটি পৌঁছে দেব। আমাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিকসহ ইউনিয়ন ও গ্রামপর্যায়ে যেসব সরকারি দপ্তর রয়েছে প্রত্যেকটি সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ফাইবার অপটিক্যাল কেব্লের আওতায় আনব, ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আনব। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফলটা একেবারে গ্রামের তৃণমূল মানুষ পর্যন্ত পায় সেটিই আমাদের মূল লক্ষ্য। আমাদের লক্ষ্য বর্তমানে যে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করছে সেই সংখ্যাটিকে আরও বৃদ্ধি করা। আইটি সেক্টরে যে ২০ লাখ তরুণ-তরুণী কাজ করছে তারা যেন গ্রামে বসে এই দ্রুতগতির ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় এসে ইউরোপ-আমেরিকাসহ বিদেশের বড় বড় কোম্পানিতে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারে সেজন্যই একেবারে গ্রাম পর্যন্ত আমরা এই ফাইবার অপটিক্যাল কেব্ল নিয়ে যাচ্ছি।