শূন্যতা নিয়েই দিন কাটছে

জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। এখন ব্যস্ত ঈদের কাজে। কয়েক মাস বাবা হারিয়েছেন তিনি। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

বাবা হারিয়ে...

গত ১১ ডিসেম্বর আমার বাবা শামসুজ্জোহা বাবলু আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এরপর থেকে এক শূন্যতা নিয়েই দিন কাটছে। কয়েক মাস কাজ থেকেও দূরে ছিলাম। গতকাল ছিল বাবার জন্মদিন। তাকে ছাড়া প্রথম জন্মদিন, প্রথম রোজার মাস কাটাতে হলো। কী যে এক মানসিক যন্ত্রণা অনুভব করেছি বলে বোঝাতে পারব না। হঠাৎ করেই হার্ট অ্যাটাকে চলে গেলেন তিনি। অথচ সেদিন দুপুরেও দিব্যি ভালো মানুষ, মা তাকে খেতে দিলেন। যদিও খুব একটা খেতে পারলেন না। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। তিনি দেশের বিভিন্ন বেতারে চাকরি করেছেন। অবসরপ্রাপ্ত হয়ে রংপুরেই থাকতেন। তার মৃত্যুর খবর শুনে সাভারে শ্যুটিং স্পট থেকে এয়ারপোর্টে গিয়ে প্লেনে করে রংপুর পৌঁছাই। প্রতিবার তার জন্মদিনে আমরা ছোট করে হলেও কোনো না কোনো আয়োজন করতাম। কাজ যতই থাকুক না কেন, পরিবারের প্রত্যেকে মিলে রাতে একত্রিত হয়ে কেক কাটতাম। ডায়াবেটিসের রোগী ছিলেন, হার্টে রিংও পরানো ছিল। মিষ্টি খাওয়াতে নিষেধাজ্ঞা, তাই জন্মদিনের কেক তাকে বেশি খেতে দিতাম না বলে অভিমান করতেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

আমার বউ শার্লক হোমস...

নিজেকে সামলে নিতে সময় লেগেছে। এখন টুকটাক কাজ শুরু করেছি। সম্প্রতি একটি ঈদের খন্ড নাটকে কাজ করেছি। নাম ‘আমার বউ শার্লক হোমস’। জাহিদুল ইসলামের পরিচালনায় নাটকটিতে আমার বিপরীতে আছেন জাহিদ হাসান। নাটকের নাম শুনেই বুঝতে পারছেন, মজার গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। একজন পুরুষ কোনো অন্যায় না করেও যখন সন্দেহপ্রবণ স্ত্রীর কাছ থেকে প্রতিনিয়ত কটুকথা শোনেন, তখন একটা সময় কারও কারও মনে হয় অন্যায় না করেই যেহেতু অপবাদ নিতে হচ্ছে তাহলে কিছুটা করেই অপবাদের ভাগীদার হই। এ নাটকে সেই বিষয়টি দেখানো হয়েছে। তবে কেন স্ত্রীর চরিত্রে অভিনয় করা আমি শার্লক হোমস হয়ে উঠি, কি টুইস্ট আছে সেটা দেখতে হলে দীপ্ত টিভির ঈদ আয়োজনে চোখ রাখতে হবে।

বিজ্ঞাপনে...

বিজ্ঞাপনে ভালো গল্প ও বাজেট হলে আমি কাজ করতে পছন্দ করি। এর আগে বসুন্ধরা আটার বিজ্ঞাপনটি দর্শক পছন্দ করেছে। তাই একই পরিচালকের সঙ্গে সম্প্রতি আরেকটি বিজ্ঞাপন করেছি চিনিগুঁড়া চালের। শিগগিরই প্রচার শুরু হবে। বিজ্ঞাপনের ক্ষেত্রে সুবিধা হলো, আমরা একেবারে স্ক্রিপ্ট জেনেবুঝে কাজ করতে পারি। যে সুযোগ নাটকে অনেক সময় হয়ে ওঠে না।

কাস্টিং...

আমি ওটিটি প্ল্যাফটর্মের কাজ নিয়ে আশাবাদী। সর্বশেষ আশফাক নিপুণের নির্মাণে ‘সাবরিনা’ ওয়েব সিরিজটি দেখেছি। তবে এটার চেয়ে এই নির্মাতার ‘মহানগর’ বেশি ভালো লেগেছিল। এরই মধ্যে আমারও ওয়েবে কাজের কথা হয়েছে। কিন্তু ব্যাটে-বলে মেলেনি। আমাদের এখানে সমস্যা হলো, যারা অভিনয় জানে তাদের এমন চরিত্র দেওয়া হয়, যেখানে অভিনয় না জানলেও হয়। আর যারা অভিনয় জানে না তাদের দেওয়া হয় এমন চরিত্র, যেখানে অনেক বেশি অভিনয় জানতে হয়। এমন হলে ভালো শিল্পীরা একসময় হারিয়ে যাবে।