বর্তমান সময়ে স্মার্টফোন জীবনের অংশ হয়ে গিয়েছে। দিনের একটা উল্লেখযোগ্য সময় আমরা স্মার্টফোনের নানা সাইট ও অ্যাপ, সোশ্যাল মিডিয়ার পেছনে ব্যয় করি। তবে স্মার্টফোন শুধু যে সময় নষ্ট করে তা নয়। অনেক কাজেও সাহায্য করে। দৈনন্দিন বহু কাজ আমরা স্মার্টফোন ব্যবহারে সেরে ফেলতে পারি। যেমনÑ যোগাযোগ রক্ষা, খবর দেখা, লেখালেখি করা, অনলাইন মার্কেট থেকে কেনাকাটা করা ইত্যাদি। কিন্তু এটাও সত্য যে প্রয়োজনের ফাঁকে অপ্রয়োজনীয় কাজেও আমরা স্মার্টফোনে সময় যেন বেশি নষ্ট করি। এই প্রবণতা যদি কমাতে চান তবে ব্যবহারবিধির ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। স্ক্রিন টাইম বা স্মার্টফোনে কোন কাজে কতক্ষণ সময় খরচ হয়েছে, এটা নিয়মিত হিসাব বা মূল্যায়ন করতে হবে।
এছাড়া, কেবল নিজের ক্ষেত্রেই না, সন্তানের কাছে কোনো কারণে স্মার্টফোন দিলে সে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করছে কিনা, সেটাও জেনে নেওয়ার দরকার পড়ে। সন্তানদের বেলায় স্মার্টফোনের এক্সেস সীমিত করে দিতেও চান অনেকে। এসব কাজে অ্যানড্রয়েড স্মার্টফোনে সবচেয়ে কার্যকর ফিচার হচ্ছে ‘ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল’। সেটিংস অপশনে গেলেই পাওয়া যাবে এমন অনেক ধরনের ফিচার। নিজেদের ইচ্ছামতো সেটিংস ঠিক করে নিলেই হলো! প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে যে কোনো অ্যাপ সীমাবদ্ধ করা কিংবা কনটেন্ট ফিল্টার করে দেওয়া সম্ভব। এছাড়া কোন কাজে কতক্ষণ খরচ করা হলো, যেটাও জানা যাবে। আর এর ফলে আপনি সচেতন হতে পারবেন।