ঠাকুরগাঁওয়ে এক মাদক কারবারিকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত। মাদক মামলায় দোষী সাব্যস্ত আবদুল্লাহকে (৫২) এক মাসের জন্য প্রতিদিন একঘণ্টা করে আদালত চত্বরে মাদক সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার শাস্তি দেওয়া হয়েছে।
গত বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন এ রায় দেন। গতকাল রবিবার থেকে এ রায় কার্যকর হয়। শাস্তি পাওয়া আব্দুল্লাহ গতকাল দুপুরে জজ আদালত চত্বরে একঘণ্টা মাদকবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। তার প্ল্যাকার্ডে লেখা ছিল ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী, মাদক দেশ ও দশের শত্রু, মাদক পরিহার করুন।’ আব্দুল্লাহর বাড়ি জেলার রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামে। আব্দুল্লাহর বিরুদ্ধে ২০১৫ সালে একটি এবং ২০১৬ সালে ২টি মাদক মামলা হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের মামলায় গত বুধবার আব্দুল্লাহর বিরুদ্ধে আদালত এক বছরের কারাদ- ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পরক্ষণেই আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন আদালতকে বলেন, আব্দুল্লাহ একজন গরিব কৃষক ও তার ২ মেয়ে পবিত্র কুরআনের হাফেজ। তাকে যেন এ শাস্তি না দেওয়া হয়। পরে আদালত রায় পুনর্বিবেচনা করে আব্দুল্লাহকে প্রতিদিন এক ঘণ্টা করে একমাস অবধি আদালত চত্বরে ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী, মাদক দেশ ও দশের শত্রু, মাদক পরিহার করুন’ এমন লেখা সংবলিত একটি প্ল্যাকার্ড প্রদর্শনের আদেশ দেয়।
আইনজীবী জাকির হোসেন জানান, সামগ্রিক বিবেচনায় বিজ্ঞ বিচারক এই রায় দিয়েছেন।
ক্যাপশন: শাস্তির আদেশের প্রথম দিনে গতকাল ঠাকুরগাঁও আদালত চত্বরে মাদকবিরোধী প্ল্যাকার্ড হাতে এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন আব্দুল্লাহ