মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ-পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আমির হোসেন (২৮) নামে একজন নিহত হয়েছেন। ঘটনার পর ১০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। গতকাল রবিবার ভোররাতে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নৌ-পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন এবং চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান জানান, নিহত আমির হোসেন পেশায় জেলে। তিনি ভোলা সদরের কুতুবপুরার মতলবের ছেলে।
নিহতের বড় ভাই শাহবুদ্দিন জানান, তার ছোট ভাই আমির হোসেন সংসারে অভাব অনটন থাকায় নদীতে মাছ ধরতে গিয়েছিল। নদীতে মাছ ধরার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নৌ-পুলিশ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তার ভাইসহ কয়েকজন গুলিতে আহত হয়। গুলবিদ্ধ অবস্থার তার ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। ভাইয়ের সংসারে রয়েছে এক প্রতিবন্ধী ছেলে, স্ত্রী ও মা-বাবা।
লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটের নৌ-পুলিশ ইনচার্জ কামাল হোসেন জানান, জাটকা সংরক্ষণে মেঘনা দুই মাস মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে শনিবার রাতে নৌ-পুলিশ নদীতে অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়। হামলাকারীরা পুলিশের ওপর জালের কাঠি নিক্ষেপ করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে আমির হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় চার পুলিশ সদস্য ও পুলিশের স্পিডবোটের চালকসহ পাঁচজন আহত হন।
খবর পেয়ে চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান গতকাল দুপুর ১২টায় লক্ষ্মীপুরে আসেন। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ হওয়ার পর জেলে আমির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ।