শাহজাদপুর শ্রীপুর রায়পুরা চৌগাছায় ৪ জনকে হত্যা

নরসিংদীর রায়পুরায় বড় ভাই ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেছেন। গাজীপুরের শ্রীপুরে সিঁদ কেটে মালিককে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। যশোরের চৌগাছায় ভাড়ায়চালিত মোটরসাইকেলচালককে হত্যা করে বাইক ছিনতাই হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্বৃত্তরা হত্যা করেছে নরসুন্দরকে। প্রতিনিধিদের পাঠানো খবর:

রায়পুরা (নরসিংদী) : রায়পুরায় মিটার নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই আব্দুল মোতালিব বাড়ির কাঁঠালগাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ছোট ভাই শফিকুল ইসলামকে (২৫) হত্যা করেছেন। গত রবিবার রাতে হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ও অভিযুক্ত মোতালিব ওই গ্রামের মৃত মুর্শেদ মিয়ার ছেলে। শফিকুল মনিপুরা বাজারে কুলি-মজুরের কাজ করতেন। রায়পুরার আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ জানান, বিদ্যুতের মিটার নিয়ে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। শফিকুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে মালিককে হত্যা করে ব্যাটারিচালিত একটি ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে গত রবিবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক মালিকের নাম আনোয়ার হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের হোসেন আলীর ছেলে।

যশোর : চৌগাছায় গতকাল সোমবার সকালে কায়েম আলী (৫০) নামে ভাড়ায়চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। নিহত কায়েম আলী যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কাজীরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সিঙের বিল এলাকায় রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

সিরাজগঞ্জ : শাহজাদপুরের এনায়েতপুর থানার রূপনাই গ্রামে মানিক শীল (৩৬) নামে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পেশায় নরসুন্দর মানিক এনায়েতপুর থানার শিবপুরের গজেন শীলের ছেলে। গতকাল সোমবার দুপুরে রূপনাই গ্রামের একটি নেপিয়ার জাতের ঘাসের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।