চ্যানেলের অনীহার কারণ জানি না

মডেলিং, অভিনয়, নৃত্য তিন মাধ্যমে সরব নাদিয়া আহমেদ। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ

ব্যস্ততা...

নাটকের কাজ নিয়েই আমার ব্যস্ততা বেশি। ধারাবাহিক ও একখ-ের নাটকে নিয়মিত অভিনয় করছি। ঈদের আগ পর্যন্ত এভাবেই চলবে আমার কর্মযজ্ঞ।

ঈদের নাটক...

ঈদের নাটকে অভিনয় করছি খুব কম। মূলত অল্পসংখ্যক অভিনয়শিল্পীর মধ্যেই ঈদের নাটক ঘুরপাক খাচ্ছে। এতে করে নাটকের মান ঠিক রাখা কঠিন একটি কাজ হবে বলে মনে হচ্ছে। আমি সব সময় মানসম্মত নাটকে অভিনয় করে অভ্যস্ত। ঈদের অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব এসেছে, যেগুলোর নামই চটুল। কমেডির নামে সেসব নাটকে ভাঁড়ামি করা হবে। তাই সেসব নাটকে এবার অভিনয় করছি না। আমার অভিনীত অল্প কয়েকটি নাটক ঈদে প্রচার হবে। এগুলো পরিচালনা করেছেন মীর সাব্বির, শামীম জামান ও রুবেল আনুষ।

ধারাবাহিক...

এখন ধারাবাহিক নাটকেই মনোযোগ বেশি। বর্তমানে প্রচারচলতি তিনটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছি। এগুলো হলো দীপ্ত টিভির ‘বকুলপুর-২’, যেটি পরিচালনা করছেন কায়সার আহমেদ। মাছরাঙায় প্রচার হচ্ছে সোহেল রানা ইমনের পরিচালনায় ‘অদল বদল’ এবং বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে কাজী সোহাগের ‘বউ বিরোধ’। এ ছাড়া সকাল আহমেদের পরিচালনায় ‘সরকার অ্যান্ড সন্স’ নামের একটি নতুন দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছি। ঈদের পর নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। পাশাপাশি বিটিভির সামাজিক সচেতনতামূলক একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছি।

নাচ...

এক সময় ঈদের নাটকে যতটা ব্যস্ততা থাকত, তেমনি ব্যস্ততা থাকত ঈদকে ঘিরে নির্মিত নাচের অনুষ্ঠান নিয়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে ঈদের সময় চ্যানেলে সেভাবে নাচের অনুষ্ঠানই হয় না। অথচ দর্শকরা সব সময় আমাদের বলে থাকেন, ঈদের আয়োজনে আপনাদের নাচ দেখতে চাই। যেখানে টিআরপি আছে, তারকা নৃত্যশিল্পীর অভাব নেই, সেখানে চ্যানেলের এই অনীহার কারণ কী আমি জানি না। আমি চাই আবার আগের মতো বর্ণাঢ্য হয়ে উঠুক ঈদের আয়োজন। তারপরও যে অল্প বিস্তর নাচের অনুষ্ঠান হয়, সেখানে আমি অংশ নেওয়ার চেষ্টা করি। এবারও চ্যানেল নাইনের একটি নাচের অনুষ্ঠানে নাচ করব। চলতি সপ্তাহেই এর শ্যুটিং হবে। সময় স্বল্পতার কারণে নাচের অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি।

মডেলিং...

আমার ক্ষেত্রে অভিনয়, নাচ, মডেলিং সবই একই সময়ে শুরু হয়। তাই এখনো তিনটি কাজকে সমান ভালোবেসে করার চেষ্টা করি। তবে অনেকদিন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা হচ্ছিল না। সম্প্রতি একটি প্রসাধনী কোম্পানির সঙ্গে তিন বছরের চুক্তি করেছি। এর অংশ হিসেবে সেই প্রতিষ্ঠানের পণ্যের একটি বিজ্ঞাপনে কাজ করেছি। শিগগির এটি প্রচারে আসবে বলে জেনেছি।