বলিউড অভিনেত্রী ও ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি ইন্সটাগ্রাম পোস্টে ইউক্রেনের শরণার্থীদের সমর্থনে এগিয়ে আসার জন্য বিশ্বনেতাদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের ওপর সামরিক তৎপরতা চালিয়ে দেশটিকে ধ্বংসের মুখে নিয়ে গেছে রাশিয়া। প্রতিদিন বাড়ছে শরণার্থীর সংখ্যা। শুক্রবার এ নিয়ে সামাজিক মাধ্যমে নিজের বক্তব্যের একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন প্রিয়াংকা চোপড়া। তিনি বলেন, ‘পূর্ব ইউরোপে প্রতিদিন শরণার্থী সংকট বাড়ছে। এ সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের আহ্বান করছি, কারণ আপনাদের সাহায্য প্রয়োজন। বিশ্বজুড়ে শরণার্থীদের জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। আমরা শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। আমাদের এখনই পদক্ষেপ নেওয়া উচিত।’ শরণার্থী সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে বিশ্বনেতাদের প্রতি নিজের জোরালো মন্তব্য প্রকাশ করে এ তারকা আরও বলেন, ‘রুশ সৈন্যরা গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করেছিল এবং এটি এখনো চলমান। জাতিসংঘের হিসাব অনুসারে এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ শিশু নিরাপত্তার জন্য প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছে। আজ এ শিশুরা শরণার্থীতে পরিণত হয়েছে, যেটা খুবই দুঃখজনক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি শিশুদের সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনাগুলোর একটি।’
যুক্তরাজ্য, জার্মানি, জাপান, নরওয়ে ও অস্ট্রেলিয়ার নেতাদের প্রতি প্রশ্ন রেখেছেন প্রিয়াংকা চোপড়া। তিনি বলেন, ‘মানবিক সহায়তার জন্য যখন আপনারা তহবিল দেওয়ার সিদ্ধান্ত নেন সে সময়ে কি শরণার্থীদের পাশে দাঁড়াবেন?’
ইউক্রেনের শিশুদের সাহায্য করার জন্য টুইটার ও ইন্সটাগ্রামের বায়োতে একটি ইউনিসেফ অনুদান লিংক দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য দ্য গ্লোবাল সিটিজেন আয়োজিত একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে প্রচারে অংশ নিয়েছেন তিনি। তার আগে ব্রুস স্প্রিংস্টিন, হিউ জ্যাকম্যান, এলটন জন, জন বন জোভি, জোনাস ব্রাদার্স ও বিলি আইলিশের মতো তারকারাও প্রচারে যোগ দিয়েছিলেন।