হ্যাঙ্গারে দুই উড়োজাহাজের সংঘর্ষ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে গ্রাউন্ডেড হয়েছে। বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি সাংবাদিকদের বলেন, এটি নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। গত রবিবার দুপুরে বিমানের আরেকটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হয়। হ্যাঙ্গারের ভেতরে প্রবেশ করানোর সময় ৭৩৭ উড়োজাহাজের সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র‌্যাডম নষ্ট হয়ে গেছে। আর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।

বিমানের এক কর্মকর্তা বলেন, বিমানের পক্ষ থেকে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে উড়োজাহাজ দুটির মেরামত সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ নিতে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা ২১টি। এর মধ্যে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ৪টি, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ৩টি, বোয়িং ৭৭৭-৩০০ ইআর ৪টি, বোয়িং ৭৩৭-৮০০ ৬টি এবং ৫টি ড্যাশ-৮।