দুদকে চাকরিচ্যুত শরীফের রিভিউ নিষ্পত্তির তাগিদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালকের পদ থেকে বরখাস্ত হওয়া মো. শরীফ উদ্দিনের করা রিভিউ (সিদ্ধান্ত পুনর্বিবেচনা) আবেদনটি নিষ্পত্তি করতে বলেছে উচ্চ আদালত। একই সঙ্গে আবেদনটির নিষ্পত্তি যাতে দীর্ঘায়িত না হয়, সে জন্য দুদককে তাগিদ দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ দুদকের আইনজীবীকে মৌখিকভাবে এ নির্দেশ দেয়।

এ ছাড়া দুদকের চাকরি ফিরে পেতে শরীফ উদ্দিনের করা রিট আবেদনের শুনানি আগামী ১৯ মে পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে শরীফ উদ্দিনের পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

শুনানিতে শরীফ উদ্দিনের রিট আবেদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, ‘তার (শরীফ উদ্দিন) একটি রিভিউ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এমন পরিস্থিতিতে রিট আবেদন চলতে পারে না।’ এ সময় হাইকোর্ট আবেদনটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়ে ১৯ মে পর্যন্ত রিট আবেদনের শুনানি মুলতবি করে।

আইনজীবী খুরশীদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘শরীফ উদ্দিনের রিভিউ আবেদনটি নিষ্পত্তি করতে বলেছেন হাইকোর্ট। তবে কত দিনের মধ্যে এটি করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময় বেঁধে দেননি আদালত। ইতিমধ্যে বিষয়টি দুদককে অবহিত করেছি।’

চাকরিবিধি না মানার অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করে দুদক। এ নিয়ে দুদক ও শরীফের পক্ষে করা পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। শরীফ উদ্দিনের অপসারণের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গত ১৩ মার্চ হাইকোর্টে একটি রিট আবেদন হয়। এতে দুদক সার্ভিস রুলস ২০০৮-এ ৫৪ (২) ধারাবলে শরীফ উদ্দিনের অপসারণের আদেশ চ্যালেঞ্জ করা হয়। আবেদনটি ১৫ মার্চ এই বেঞ্চে শুনানির জন্য ওঠে। ওই দিন শরীফ উদ্দিনের আইনজীবী সালাউদ্দিন দোলন আদালতকে এই বলে অবহিত করেন যে দুদকে শরীফ উদ্দিনের রিভিউ আবেদনটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ সময় আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করে হাইকোর্ট।