মাগুরায় ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান

মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী রায়পাড়ায় গতকাল মঙ্গলবার একটি বাড়িতে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন শিশুখাদ্য জব্দ করা হয়। ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে কারখানার মালিক আক্তার হোসেনের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, দুপুরে পারনান্দুয়ালী রায়পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুখাদ্য তৈরি কারখানার সন্ধান মেলে। সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন চকলেট, চিপস, আইসবারসহ প্রায় ১০ প্রকারের শিশুখাদ্য জব্দ করা হয়। এসব খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের রং, সুগন্ধি, কেমিক্যাল ও হোটেলের পরিত্যক্ত মিষ্টির গাদ দিয়ে প্রস্তুত করা হয়। কারখানার তৈরি খাদ্যের বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে এগুলো বাজারজাত করা হতো।

অভিযান শেষে অনুমোদনহীন ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে কারখানামালিক আক্তার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে সে জরিমানার টাকা পরিশোধ করে। এছাড়া জব্দ করা ভেজাল শিশুখাদ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আক্তার হোসেন জানায়, সে প্রায় চার বছর ধরে এ ভেজাল ও অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি করে আসছিল। তার কারখানায় তৈরি পণ্য মাগুরাসহ আশপাশের ঝিনাইদহ, নড়াইল, রাজবাড়ী জেলায় বিক্রির জন্য সরবরাহ করা হতো।