স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে খুনসুটি করতে করতে একটি অটোরিকশায় বাড়ি ফিরছিল ছয় বছরের স্কুলছাত্রী মালিহা মমতাজ। পথে তার সহপাঠীরা যার যার বাসায় নেমে গেছে। মালিহাও পৌঁছেছিল তার বাড়ির সামনে। কিন্তু মুহূর্তেই নিভে যায় শিশু মালিহার প্রাণ-প্রদীপ। একটি দ্রুতগতির বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দেয় তাকে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী-মাওনা আঞ্চলিক সড়কের পাঠানটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু মালিহা স্থানীয় পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও এলাকার ঠিকাদারি ব্যবসায়ী মফিজউদ্দিন মিন্টুর মেজো মেয়ে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুসন্তানকে হারিয়ে দিশেহারা তার বাবা-মা।
এদিকে ফেনীতে টহলরত পুলিশ ভ্যানের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোতাহের ইসলাম (৪৩) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত হন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :
শিশু মালিহার চাচা ইউনুছ আলী জানান, সকালে স্কুলে যায় মালিহা। স্কুল ছুটি হওয়ার পর কয়েকজন সহপাঠী নিয়ে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পথে অন্যরা (শিক্ষার্থী) নেমে পড়ে। তাকে বহন করা অটোরিকশা বাড়ির কাছে এলে সে নামতে চেষ্টা করে। এ সময় পশ্চিম দিক থেকে দ্রুতগতির একটি বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় মালিহার মাথা থেঁতলে ও গলায় অটোর একটি রড ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা অটোরিকশা আটক করে। তবে চালক পালিয়ে যায়।
পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম বলেন, ‘আজও (গতকাল) মালিহার শেষ শ্রেণি ক্লাসটা আমি নিয়েছি। ক্লাস শেষে অন্য শিশুদের সঙ্গে হৈহুল্লড় করতে করতে স্কুল ছাড়ল। ঘণ্টাখানেক পরেই এমন মর্মান্তিক খবর এলো। একেবারে বিশ্বাস করতে পারছি না মালিহা মারা গেছে। কিছুক্ষণ আগেও ক্লাসরুমে যে মালিহার দুরন্তপনা ছিল মুখর, সে এখন নিথর মরদেহ।’
শ্রীপুর মডেল থানার এসআই রিপন আলী খান জানান, পরিবারের মানবিক আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই শিশু মালিহার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাভার্ড ভ্যানের ধাক্কায় কনস্টেবল নিহত : ফেনীতে টহলরত পুলিশ ভ্যানের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোতাহের ইসলাম নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আসাদুল ইসলাম নামে আরেক কনস্টেবল আহত হন। গত সোমবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহের ও আহত আসাদুল ফেনীর মহিপাল হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুস সামাদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের ফেনীর অংশে পুলিশ ভ্যানে দায়িত্ব পালন করছিলেন মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা। রাত পৌনে ৩টার দিকে রামপুর এলাকার ঢাকামুখী লেনে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে পুলিশ ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ভ্যানে কর্তব্যরত দুই কনস্টেবলকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতাহেরকে মৃত ঘোষণা করেন। আসাদুল হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘাতক কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক পলাতক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টাঙ্গাইলে পিকআপচালক নিহত : টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত হয়েছেন। গতককাল মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম আবু বকর সিদ্দিক (৩০)। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। এ ঘটনায় গাড়ির এক যাত্রী আহত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট শাকিল আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।