২০২১ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিটি ব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে ব্যাংকটির কর পরবর্তী কনসোলিডেটেড মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৫৪৯ কোটি টাকা। যা ২০২০ সালে ছিল ৪৩৬ কোটি টাকা। সেই হিসেবে এক বছরে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে প্রায় ২৬ শতাংশ।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিটি ব্যাংক। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবের মাধ্যমে ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়।
সিটি ব্যাংক জানায়, ২০২১ সালে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ১৫ পয়সা, যা ২০২০ সালে ছিল ৪ টাকা ৯ পয়সা।
আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানা দিক বিস্তারিত বর্ণনা করেন।
ব্যাংকটি বলছে, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও ক্রমোন্নতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে এবং এ আয়োজন ব্যাংকটির সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।