সাতক্ষীরা সীমান্তে ১২ কেজি রুপার গহনা জব্দ

সাতক্ষীরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কালিয়ানী বিজিবির বিওপি সদস্যরা অভিযান চালিয়ে ওই রুপার গহনা জব্দ করেন। পরে এসব গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ রুপার গহনা আসছে এমন সংবাদে অভিযান চালায় কালিয়ানী বিজিবির সদস্যরা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগে রাখা রুপার গহনা বাগানের ঝোপঝাড়ে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেখান থেকে ব্যাগ উদ্ধার করে ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়। পরে সেগুলোকে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয় বলে জানান বিজিবি অধিনায়ক।