নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাবার কোলে থাকা এক শিশু গুলিবিদ্ধ হওয়ার পর মারা গেছে। তার নাম জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪)। হামলায় শিশুর বাসা সৌদিপ্রবাসী মাওলানা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ধনু নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, পূর্ব হাজীপুর গ্রামের রাশেদ মিয়া বাড়ির আলম পাশের দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাদশার কাছে জমির মাটি বিক্রি করেন। কিন্তু বাদশা চুক্তির চেয়ে অতিরিক্ত মাটি কেটে নিতে চাইলে গত দুদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে গতকাল বিকেলে বাদশা তার এলাকা লক্ষ্মীনারায়ণপুর গ্রাম থেকে রিমন নামে এক যুবকের নেতৃত্বে ১০-১২ সন্ত্রাসীকে ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে আসেন। তারা সেখানে গিয়েই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় শিশুসন্তানকে কোলে নিয়ে ঘটনাস্থলে থাকা আবু জাহের ও তার মেয়ে তাসপিয়া গুলিবিদ্ধ হয়। পরে তাদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাবা-মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে রাত ৮টার দিকে কুমিল্লায় তাসপিয়ার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি দেশ রূপান্তরকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধনু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’