মাদারীপুরে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে ভ্যান উল্টে দুই বন্ধু মো. রমজান হোসেন (১১) ও মো. রিফাতের (১২) মৃত্যু হয়েছে। এ সময় আরো এক বন্ধু আহত হয়।
ওই দুই বন্ধু মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। নিহত রমজান হোসেন উপজেলার চরদৌলতখান এলাকার জামাল হোসেনের ছেলে ও মো. রিফাত উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
বুধবার রাত ১০টার দিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেললার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন তিন বন্ধু প্রাইভেট পড়া শেষে একই সঙ্গে একটি ভ্যানে বাড়ি থেকে ঘুরতে বের হয়। এসময় ইব্রাহীম নিজে ভ্যানচালক হিসেবে ছিল। ইব্রাহীম ভ্যান চালিয়ে ভবানীপুর প্রধান সড়কে পৌঁছালে তাদের সামনে দিয়ে দুটি কুকুর হঠাৎ দৌড় দিয়ে ভ্যানের সামনে চলে আসে। কুকুরের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ভ্যান উল্টে খাদে পড়ে গেলে তিন বন্ধু গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজান ও রিফাতকে মৃত ঘোষণা করেন। আহত ইব্রাহীমকে হাসপাতালে ভর্তি কার হয়।
আহত ইব্রাহীম কান্নাজড়িত কণ্ঠে বলে, আমরা তিন বন্ধু প্রাইভেট পড়ে ভ্যানে ঘুরতে বের হয়েছিলাম। কিন্তু আমার দুই বন্ধুকে চিরতরে হারিয়ে ফেললাম।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বর্ণালী রায় জানান, আমাদের হাসপাতালে নিয়ে আসার আগেই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. ইসতিয়াক আসফাক রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।