বগুড়ার কাহালুতে বৃহস্পতিবার গভীর রাতে একরাম হোসেন (৩০) নামের এক যুবকের দুই পায়ের হাঁটুতে গুলি করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় রাতেই পুলিশ শামীম হোসেন (৩২) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
একরাম হোসেন কাহালু উপজেলার শিবকলমা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
আহত যুবক ও গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে একরাম বাড়ি থেকে বের হয়ে গ্রামের মুদি দোকানে সিগারেট কিনতে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। দুর্বৃত্তদের ছোড়া গুলি একরামের দুই পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। পরে রাত পৌনে তিনটায় একরামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, একরাম হোসেন এখন কৃষিকাজ করেন। আগে সিমেন্টের খুঁটি তৈরির কারখানায় কাজ করতেন। এ ঘটনায় পার্শ্ববর্তী শেখ কলমা গ্রামের শামীম নামে এক যুবককে পুলিশ আটক করেছে।
বেশ কিছুদিন আগে শামীমের সাথে একই সিমেন্টের খুঁটি তৈরির কারখানায় কাজ করতেন।
কাহালু থানার ওসি আমবার হোসেন বলেন, একরাম দাবি করছে তার দুই হাঁটুতে গুলি করা হয়েছে। তবে কেন গুলি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার পর শামীম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে।
এই ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি বলেও জানান ওসি।