আরেক দফা বেড়েছে গরুর মাংস ও মাছের দাম

রমজান মাসকে কেন্দ্র করে বেড়ে যাওয়া শসা, লেবুসহ অধিকাংশ সবজির দাম কমতে শুরু করেছে। বিশেষ করে ৭০-৮০ টাকায় বিক্রি হওয়া লেবুর হালি এখন বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা। একই সঙ্গে কমেছে ব্রয়লায় মুরগির দাম। তবে মাছ ও গরুর মাংস আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে।

গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি সাইজের লেবুর ডজন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা। গত সপ্তাহে একই আকারের লেবুর হালি বিক্রি হয়েছে ৪০-৫০ টাকা। বড় আকারের লেবুর ডজন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। গত সপ্তাহে এ সাইজের হালি বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়।

কারওয়ানবাজারের খুচরা লেবু বিক্রেতা মোজাম্মেল দেশ রূপান্তরকে বলেন, ‘গত কয়েক দিন ধরে লেবুর দাম কম। রোজার শুরুতে লেবুর চাহিদা অনেক বেশি ছিল। এ কারণে পাইকারি ব্যবসায়ীরাও বেশি দাম রেখেছেন। তবে আগের তুলনায় লেবুর সরবরাহ বেড়েছে, তাই দাম অর্ধেকের কম।’

এদিকে একইভাবে কমেছে শসার দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়; যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা। দাম কমেছে টমেটোর। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০-৩৫, যা প্রথম ও দ্বিতীয় রোজায় বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়। প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকায়, গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ টাকা। এছাড়া মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৪০-৫০, ছোট আকারের মিষ্টি কুমড়া ৩০-৩৫, পেঁপে ২৫-৩০ ও পটোল প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে বেগুনের দাম। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা। একই সঙ্গে বেড়েছে শিমের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। বেগুন ও শিমের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে কারওয়ানবাজারের পাইকারি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘গত কয়েক দিন বেগুনের সরবরাহ কম। আবার শিমেরও মৌসুম শেষ। এখন বাজারে যে শিম আসছে তা বিশেষভাবে চাষ করা। এই শিম বাজারে অল্প পরিমাণেই আসছে। তাই দাম অন্য সময়ের তুলনায় বেশি।’

এদিকে সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে লেয়ার, সোনালি ও দেশি মুরগির দাম। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়; যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ১৭৫-১৮০ টাকা। এছাড়া সোনালি মুরগি ২৮০, লেয়ার মুরগি ২৪০ ও দেশি মুরগির দাম বেড়ে ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে গরুর মাংসর দাম। প্রতি কেজি ৬৭০-৭০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। হাড়ছাড়া গরুর মাংস ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি হিসাবেই গত এক মাসে গরুর মাংসের দাম বেড়েছে ৫ শতাংশের বেশি। এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০ টাকায়।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে নদীর মাছের দাম কেজিতে ১০০-১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে চাষের মাছের দাম। প্রতি কেজি পাঙাশ ১৫০, বড় রুই ৩৫০-৩৮০, ছোট থেকে মাঝারি রুই ২৫০-৩০০, কাতলা ২৮০-৩০০ এবং পাবদা ৪৫০-৫০০, এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০, শিং ৩০০-৪৫০ এবং শোল ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে।