পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গত বৃহস্পতিবার পৃথক দুটি সন্ত্রাসী হামলায় আট সেনা নিহত হয়েছেন। এক ঘটনায় সাতজন আর অপর ঘটনায় এক সেনা নিহত হন বলে জানিয়েছে ডন। উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত জেলা দাতাখেলে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে অতর্কিতে হামলা চালালে সাত সেনা নিহত হন। দ্বিতীয় ঘটনাটি ঘটে জেলার ইশাম এলাকায়। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে লড়াইয়ে এক সেনা নিহত হন।

কর্মকর্তারা জানান, প্রথম ঘটনায় সন্ত্রাসীরা আফগান সীমান্তবর্তী দাতাখেল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চলন্ত গাড়িতে অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা রকেটচালিত গ্রেনেড লঞ্চার ও বন্দুক দিয়ে হামলা চালায়। হামলায় সাত সেনা নিহত হন বলে জানান কর্মকর্তারা। উত্তর ওয়াজিরিস্তানের জেলা সদর দপ্তর মিরামশাহে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান কর্মকর্তারা। তিন দিন আগে দক্ষিণাঞ্চলীয় জেলা দেরা ইসমাইল খানে এক হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও চারজন। এরপরই বৃহস্পতিবার বড় ধরনের এ হামলার ঘটনা ঘটল। উত্তর ওয়াজিরিস্তানের অন্যান্য এলাকার চেয়ে দাতাখেল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য তুলনামূলক অভয়ারণ্য। নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত এলাকাটি সন্ত্রাসীমুক্ত করতে পারেনি। এখনো শত শত বাস্তুচ্যুত পরিবার তাদের ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে উত্তর ওয়াজিরিস্তানের ইশাম এলাকায়। সেনা ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে মিঞাওয়ালি এলাকার সিপাহি আসমাতুল্লাহ খান (২৮) নিহত হন। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ কথা জানিয়েছে। ওই এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূলে শুদ্ধি অভিযান চলছে।