নারায়ণগঞ্জের আড়াইহাজারে অসাধু ডিশ ব্যবসায়ীদের অবৈধ বিদ্যুৎ সংযোগের ঝুলন্ত তারে স্পর্শ লেগে একটি পিকআপ ভ্যানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপের হেলপার দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালীবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, পল্লীবিদ্যুৎ অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার ডিশ ও ওয়াইফাই ব্যবসায়ীরা অবৈধ বিদ্যুৎ সংযোগ চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন। গতকাল দুপুরে কালীবাড়ি ব্রিজ এলাকায় বিদ্যুতের অবৈধ সংযোগের একটি ঝুলে থাকা তারের সঙ্গে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের স্পর্শ লাগে। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। পরে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ পিকআপ ভ্যানের হেলপার সামিউলকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।