সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ মোটরসাইকেলচালকের

ঝিনাইদহ ও সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল শনিবার চট্টগ্রামের সীতাকু-ে তিন ঘণ্টার ব্যবধানে দুই মোটরসাইকেলচালক নিহত হন। এর মধ্যে সকাল ১০টার দিকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুটমিল এলাকায় লরির সঙ্গে ধাক্কা লেগে এক লোহা ব্যবসায়ী নিহত হন। তার নাম মো. টিটু। দুপুর আড়াইটার দিকে ভাটিয়ারীর বানুর বাজার এলাকায় বাসের ধাক্কায় আরেক মোটরসাইকেলচালক প্রাণ হারান। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৫৭) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের আখমুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান ঝিনাইদহ শহরের পোবহাটী গ্রামের আবুল হোসেনের ছেলে।

চট্টগ্রামের চন্দনাইশে শ্যামলী পরিবহন ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ৫ বছরের শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৬টায় উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট মিঠারো মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তরিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খরর: 

সীতাকু-ে দুই মোটরসাইকেলচালক নিহত : গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার মো. মোস্তফার ছেলে স্ক্র্যাপ লোহা ব্যবসায়ী মো. টিটু। এ সময় একইমুখী একটি অজ্ঞাত লরির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে ভাটিয়ারীর বিএসবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাটিয়ারীর বানুর বাজার এলাকায় শাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে  জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. আমির উদ্দিন।

ঝিনাইদহে প্রাণ গেল মোটরসাইকেলচালকের : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৫৭) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. মেজবা উদ্দীন জানান, সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলযোগে যশোরের দিকে  যাচ্ছিলেন আব্দুল মান্নান। পথে ওই স্থানে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

চন্দনাইশে শিশুসহ গুরুতর আহত ৪ : চট্টগ্রামের চন্দনাইশে শ্যামলী পরিবহন ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ৫ বছরের শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৬টায় উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট মিঠারো মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার শাহজাহানের কন্যা রিজা আকতার (১৫), আবদুল শুক্করের কন্যা ঊর্মি আকতার (৩০),  নুরুল আলমের ছেলে রকি (২৫) ও শাহজাহনের ছেলে রবিউল হাসান (৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়েছেন।