ময়নাতদন্ত রিপোর্ট

রাজশাহীর দুই কৃষকের মৃত্যু বিষপানেই

রাজশাহীর গোদাগাড়ীতে সাঁওতাল সম্প্রদায়ের দুই কৃষকের মৃত্যু কীটনাশক পানে হয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। গতকালই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। ডা. কফিল উদ্দিন বলেন, ‘আমরা লাশের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করে ভিসেরা রিপোর্টের জন্য ল্যাবে দেই। ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি। ভিসেরা রিপোর্টে দুজনের শরীরে অর্গানো ফসফরাস যৌগ নামে এক ধরনের বিষের অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষপানেই তাদের মৃত্যু হয়েছে।’

গত ২৩ মার্চ সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে সেচের পানি না পেয়ে দুই সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি (৩৬) ও রবি মারান্ডি (২৭) বাড়ি ফিরে বিষপানের কথা জানান। ওই রাতেই অভিনাথের মৃত্যু হয়। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ মারা যান তার চাচাতো ভাই রবি মারান্ডি।

পরিবারের দাবি, দীর্ঘদিন ঘুরেও সেচের পানি না পেয়ে ক্ষোভে তারা নলকূপের সামনেই বিষপান করেন। এ ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম এবং রবির ভাই সুশীল মারান্ডি বাদী হয়ে গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে পৃথক মামলা করেন।

পরে পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তার করে। তাকে নলকূপ অপারেটরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের একটি কমিটি ঘটনা তদন্ত করে ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছে।