গুম, খুনের বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের গুম, খুন ও নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে বিচার বিভাগের ওপর সরকারের নিয়ন্ত্রণের বিষয়টিও বিশ্বের কাছে স্পষ্ট হয়েছে।’ গতকাল শনিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত শুক্রবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশে যে ঘটনাগুলো ঘটে, গণতান্ত্রিক দেশগুলো সেগুলো নিয়ে কাজ করে। এটি এখন করছে এমন নয়। প্রতি বছর যুক্তরাষ্ট্র এই মানধিকার রিপোর্ট বের করে, প্রতিটি দেশের ওপর বের করে।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের বিষয়বস্তু উল্লেখ করে তিনি বলেন, ‘রিপোর্টে বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানি, গুম, খুন ও বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের বিষয়টি উঠে এসেছে। এমনকি খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, সাজা ও কারাগারে প্রেরণের বিষয়টি রাজনৈতিকভাবে প্রভাবিত। বিষয়গুলো আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’

যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন হবে কি হবে না, তা নির্ভর করবে নির্বাচনের পরিবেশ তৈরির ওপর। নির্বাচনের পরিবেশ যদি তৈরি হয় তাহলে সেখানে নিশ্চিত ইতিবাচক প্রভাব পড়বে এবং সেই আন্দোলনেও এটার পজিটিভ প্রভাব পড়বে।’

ডা. জোবায়দার আপিল খারিজে উদ্বেগ-মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের লিভ টু আপিল আবেদন খারিজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থায়ী কমিটির সদস্যরা। একজন অরাজনৈতিক ব্যক্তি হওয়ার পরও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক। শুধু জিয়া পরিবারকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা করা হয়েছে এবং যে আদেশ প্রদান করা হয়েছে তা ফরমায়েসি বলে প্রতীয়মান হয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা বিচার বিভাগকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাধীনভাবে সংবিধানের মূল চরিত্র অক্ষুণœ রেখে বিচারিক কর্ম সম্পাদনের আহ্বান জানানো হয়।

‘সরকারের লোকজন জড়িত তাই রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপার চেষ্টা’-বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই একেবারে দায়সারা মামলা দায়ের এবং দায়িত্বহীনতার কারণেই মার্কিন আদালতের এখতিয়ারবহির্ভূত মামলা দায়ের করা হয়। বাংলাদেশ ব্যাংকের তদন্তে যেসব কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রমাণিত যে সরকারের কোনো মহল এই অপরাধে সঙ্গে জড়িত। অবিলম্বে সঠিক তথ্য জনগণের সামনে উন্মোচন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় স্থায়ী কমিটি।

এ ছাড়া আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস বিএনপি পালন করবে বলে জানান মির্জা ফখরুল।

তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।