সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল লতিফ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাত ৮টার দিকে তিনি মাগুরা জেলার সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খোর গ্রামের নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বেলা ১১টার দিকে তার প্রথম জানাজার নামাজ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজার নামাজ দুপুর ২টার দিকে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খোর গ্রামের মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বড়খোর গ্রামের কবরস্থানে সমাহিত করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। তিনি এক মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তিনি এক শোক বার্তায় বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে। এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পৃথক পৃথক শোক ও সমবেদনা জানানো হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক আব্দুল লতিফ ২০১৮ সালের ৯ জানুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে যোগদান করেন এবং ২০২২ সালের ৮ জানুয়ারিতে তিনি অবসর গ্রহণ করেন।