ট্রেবল বা কোয়াড্রাপল জয়ের স্বপ্ন দেখতেই পারেন ক্লপ

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনাল— কোয়াড্রপল না হোক, ট্রেবল জয়ের স্বপ্ন দেখতেই পারে লিভারপুল। চলতি মৌসুমে অলরেডদের সেই আশা পূরণ করতে পারবেন তো কোচ ইউর্গেন ক্লপ?

শনিবার ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে সিটিকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। এমন পারফরম্যান্সের পর শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ ক্লপ। তার চোখে, নিজের অধীনে অলরেডদের এটি ‘সর্বকালের সেরা’ পারফরম্যান্স।

সাদিও মানের জোড়া গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। তবে বিরতির পর দুই গোল হজম করলেও ঠিকই ফাইনাল নিশ্চিত করে ক্লপের দল। ইংলিশদের ঘরোয়া ফুটবলে গত কয়েক মৌসুম ধরে লিভারপুলের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে সিটিজেনরা।

প্রিমিয়ার লিগের এখন সবচেয়ে বড় আকর্ষণ দুই কোচ পেপ গার্দিওলা বনাম ক্লপের যুদ্ধ। গত রবিবার ইতিহাদে ২-২ গোলের রোমাঞ্চকর ড্র করেছে দু’দল। এবার ওয়েম্বলির যুদ্ধে জিতে অ্যানফিল্ডের কোচের ভাষ্য, ‘নিঃসন্দেহে গর্বিত, অবিশ্বাস্য।’

চলতি মৌসুমে ইতোমধ্যে লিগ কাপ জিতেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে তাদের লড়াই এখন সিটির সঙ্গে। শীর্ষে থাকা গার্দিওলার শিষ্যদের সঙ্গে তাদের ব্যবধান মাত্র এক পয়েন্ট। শিরোপা জেতার সম্ভাবনা আছে দু’দলের। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে সিটি ও লিভারপুল।

এফএ কাপের ফাইনাল তো নিশ্চিত হলোই। ক্লপ পারবেন তো লিভারপুলকে কোয়াড্রপল না হোক, ট্রেবল জেতাতে?