মোংলায় প্রকাশ্যে ও রোজাদারদের সামনে ধূমপান করতে নিষেধ করায় একজনের মাথা ফাটিয়ে কারাগারে গিয়েছেন হানিফ শেখ (৩৫) নামে এক ব্যক্তি। গতকাল সোমবার সকালে বাগেরহাটের আদালত তাকে কারাগারে পাঠায়।
মামলা সূত্র ও স্থানীয়দের ভাষ্যমতে, গত রবিবার সন্ধ্যায় ইফতারির আগ মুহূর্তে মোংলার চিলা ইউনিয়নের কেয়াবুনিয়া গ্রামে প্রকাশে বিড়ি খাচ্ছিলেন হানিফ শেখ। এ সময় সেখানে উপস্থিত ইউপি সদস্য (মেম্বার) ইশারাত ফকির রমজানের পবিত্রতা রক্ষায় প্রকাশ্যে বিড়ি খেতে নিষেধ করেন। এতে হানিফ ইশারাতের সঙ্গে বাগ্বিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নৌকার বৈঠা দিয়ে ইশারাতের মাথায় আঘাত করেন হানিফ। এ সময় ইশারাত সরে গেলে বৈঠার আঘাত লাগে তার ছোট ভাই ইস্রাফিল ফকিরের (৩২) মাথায়। এতে মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক গ্রামবাসী হানিফকে আটকে পুলিশে দেয়। পরে রাতেই ইউপি সদস্য ইশারাত থানায় মামলা করেন। পরে গতকাল সোমবার সকালে আসামি হানিফকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। হানিফ পেশায় একজন পোনা মাছ ব্যবসায়ী ও মাদকসেবী বলে জানিয়েছেন গ্রামবাসী।
মোংলা থানার এসআই অমিত বলেন, বিড়ি খেতে নিষেধ করায় মেম্বারের ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় মেম্বার বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামিকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।