বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাককে শ্রদ্ধা জানিয়ে বিতর্কের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ সমর্থক শিক্ষক নেতা অধ্যাপক রহমত উল্লাহকে সব প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক হুমায়ূন কবির জানিয়েছেন, অধ্যাপক রহমত উল্লাহকে অব্যাহতি দিয়ে এ বিষয়ে তদন্ত করার জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যতদিন তদন্ত চলমান থাকবে ততদিন এ অব্যাহতি আদেশ বহাল থাকবে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাটর্নি জেনারেল ও সিন্ডিকেট সদস্য আবু মোহাম্মদ আমীন উদ্দিন, সিন্ডিকেট সদস্য বাহলুল মজনু চুন্নু, আইন বিভাগের শিক্ষক ড. সীমা জামান ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. টিটু মিঞা।
এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গত রবিবার টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই অনুষ্ঠানে অধ্যাপক রহমত উল্লাহ তার বক্তব্যে মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর একপর্যায়ে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের প্রতি ‘গভীর শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য রাখেন। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ সমিতির সভাপতির বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ এবং তা এক্সপাঞ্জ করার দাবি জানান। পরে উপাচার্য আখতারুজ্জামান ওই বক্তব্যের অংশটুকু এক্সপাঞ্জ করেন।