সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০-এর লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। প্রথম ধাপে আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২২ জেলায় এ পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে ২০ মে ৩০ জেলায় ও ৩ জুন তৃতীয় ধাপে পরীক্ষা হবে ৩১টি জেলায়।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে এবারের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী। তিন ধাপে ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, এ বছরের জুলাইয়ের মধ্যেই ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শেষ হবে। দ্রুততম সময়ের মধ্যে লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিয়োগ পরীক্ষা হয়নি। ইতিমধ্যে সারা দেশে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। শিক্ষক ঘাটতি মেটাতে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।