সহজপাচ্য সাহরি

সাহরিতে সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। গরমে উপযুক্ত খাবার হলো শসা। শসার রেসিপি দিয়েছেন জিন্নাত রায়হান সুমী

শসা মুরগির ঝোল

উপকরণ

শসা ১ কেজি, মুরগি ১টা, পেঁয়াজ ৩টা, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, এলাচ ৩টা, দারুচিনি ২ টুকরো, তেজপাতা ৩টা, গরম মসলা গুঁড়ো আধা চা চামচ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. শসা লম্বা স্লাইস করে ভাপ দিয়ে নিন।

২. মুরগি ছোট টুকরো করে তেলে ভাজুন।

৩. তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এলাচ, দারুচিনি দিয়ে ভাজুন। গরম মসলার গুঁড়ো বাদে সব মসলা দিয়ে ভালো করে কষান।

৪. মসলা কষানো হলে মুরগি দিয়ে ৫ থেকে ৬ মিনিট কষিয়ে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন।

৫. পানি শুকিয়ে এলে শসা দিয়ে নেড়ে আরও ১ কাপ পানি দিন।

৬. নামানোর আগে গরম মসলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

শসা মুগ

উপকরণ

শসা ৫০০ গ্রাম, মুগের ডাল ২০০ গ্রাম, লবণ আধা চা চামচ, কাঁচামরিচ ৫টা,  তেজপাতা ২টা, পাঁচফোড়ন আধা চা চামচ, তেল ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ,  আদা বাটা আধা টেবিল চামচ, নারকেল কোরা ২ টেবিল চামচ,  ধনে পাতা কুচি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. ডাল ভেজে ধুয়ে সেদ্ধ করে নিন। শসা ছোট ছোট টুুকরো করে ডালের সঙ্গে সেদ্ধ করুন। সেদ্ধ করার সময় লবণ, মরিচ, হলুদ দিন।

২. ডাল ও শসা সেদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

৩. ফ্রাইপ্যানে তেল ঘি দিয়ে গরম হলে পাঁচফোড়ন ও তেজপাতা দিন। ভাজা হয়ে গেলে আদা বাটা, নারকেল দিয়ে ভালো করে কষিয়ে ডালে ঢেলে দিন।

৪. ডালে ধনেপাতা ও বাকি ঘি দিয়ে নামিয়ে ফেলুন।

কন্টিনেন্টাল সালাদ

উপকরণ

সেদ্ধ আলু ২টা, শসা ২৫০ গ্রাম, সেদ্ধ ডিম ২টার সাদা অংশ, আপেল ১টা, মেয়োনেজ ৪ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, লবণ সিকি চা চামচ, গাজর ১টা, লেবুর রস ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. আলু , শসা, আপেল, ডিম লম্বা করে সøাইস করে নিন।

২. সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঠা-া করে পরিবেশন করুন।

শসার রস মাধুরী

উপকরণ

শসা ২৫০ গ্রাম, কাঁচা আম ১টা, লবণ সিকি চা চামচ, বিট লবণ আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়ো আধা চা চামচ, সাদা গোলমরিচ আধা চা চামচ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঠা-া পানি ৩ গ্লাস, বরফকুচি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. শসা, আম খোসা বিচি ফেলে টুকরো করে কেটে নিন।

২. বরফ ছাড়া ব্লেন্ডারে সব দিয়ে ব্লেন্ড করে তারের ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।

৩. গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।