দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার ১ বছর ৯ মাস ১৭ দিন পর গতকাল শুক্রবার সর্বনি¤œ রোগীর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে এরচেয়ে কম ১৫ জন রোগী শনাক্ত হয়েছিল করোনা সংক্রমণের শুরুর দিকে ২০২০ সালের ৫ এপ্রিল। এর পর থেকে গতকালের আগে পর্যন্ত, অর্থাৎ ২১ মাসের মধ্যে এক দিনে এরচেয়ে কম রোগী আর কখনই শনাক্ত হয়নি।
সংক্রমণ কমে এসেছে। করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত ২৫ মার্চের পর থেকেই দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা একশর নিচে নেমে এসেছে। ৪ এপ্রিলের পর শনাক্ত রোগীর সংখ্যা ৬০ ছাড়ায়নি।
বিশেষ করে মৃত্যু কমে শূন্যের কোঠায় নেমে এসেছে। গত ২২ দিনের মধ্যে ১৮ দিন মৃত্যুশূন্য ছিল দেশ। বাকি চার দিনে দৈনিক ১-২ জন করে ৫ জনের মৃত্যু হয়েছে। কমে এসেছে শনাক্তের হারও। গত টানা পাঁচ দিন ধরে শনাক্তের হার ১ শতাংশের নিচে। গত ২২ দিনের মধ্যে ১৯ দিনই শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল। বাকি তিন দিন ১ শতাংশের সামান্য উপরে উঠতে দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় চার হাজার নমুনা পরীক্ষা করে ২১ জন রোগী শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৪ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৭৬ শতাংশ ছিল।
এ নিয়ে গতকাল পর্যন্ত দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জন এবং মোট মৃত্যু ২৯ হাজার ১২৭। এ পর্যন্ত সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গতকাল শনাক্ত ২১ রোগীর মধ্যে ১৪ জন ঢাকা বিভাগের, যাদের মধ্যে ১২ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এ সময় দেশের ৫৯ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। বিভাগের মধ্যে রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে নতুন রোগী পাওয়া যায়নি।