কিশোরগঞ্জের ভৈরবে পানিমিশ্রিত ২৫ কেজি দুধ ঢেলে দেওয়া হয়েছে সড়কে। এ সময় সতর্ক করা হয় ভেজাল দুধ বিক্রেতা মুখলেছ মিয়াকে। মুখলেছ কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধাবদী গ্রামের আবদুল হক মিয়ার ছেলে।
জানা যায়, খাদ্যের মান যাচাই করতে গতকাল শনিবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর রেলগেটসংলগ্ন ভোলাগাজী মিয়ার বাজার পরিদর্শনে যান উপজেলা খাদ্য পরিদর্শক রুহুল আমিন। এ সময় পরীক্ষা করে মুখলেছ মিয়ার দুধ পানিমিশ্রিত পাওয়া গেলে তার ২৫ কেজি দুধ সড়কে ঢেলে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক রুহুল আমিন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে আজ (গতকাল) শনিবার সকালে উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের গোছামারা ও শিবপুর ইউনিয়নের ভোলাগাজী মিয়ার বাজারে বিক্রির জন্য আসা দুধ পরীক্ষা করি। ল্যাকটোমিটারে দুধ পরীক্ষাকালে গোছামারা বাজারের ১৫ জন বিক্রেতার দুধ খাঁটি পাওয়া গেলেও ভোলাগাজী মিয়ার বাজারের বিক্রেতা মুখলেছ মিয়ার দুধ পানিমিশ্রিত পাওয়া যায়।’