সাম্প্রদায়িক উসকানির অভিযোগে ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে শহরের মন্দিরপাড়া আড়তের পাশ থেকে গ্রেপ্তারের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম।
এদিকে উসকানিমূলক ধর্মীয় দাঙ্গা সৃষ্টিকারী ও জমি দখলকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বাসিন্দারা। গতকাল শনিবার বেলা ১২টার দিকে শহরের মন্দিরপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নেতা সুভাষ কুজুর অভিযোগ করে বলেন, গত শুক্রবার জু¤মার নামাজের পর অভিযোগ তোলা হয়, ‘গত ১৫ রমজানে একজন রোজাদারকে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষ অতর্কিত হামলা চালিয়েছে।’ এরপর পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হোসেন মুসল্লিদের নিয়ে একত্রিত হয়ে কাঁচা আড়ত সংলগ্ন সভা করে। ওই সভায় বাবুল হোসেন ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলকসহ অন্যরা ধর্মীয় উ®সকানিমূলক বক্তব্য দেন। এরপর আশপাশের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বাসিন্দাদের মাঝে আতংক ছড়িড়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাম্প্রদায়িক হামলার প্রস্তুতির বিষয়টি অভিযোগ আকারে তুলে ধরে। এরপর সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হোসেনকে আটক করে।
ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নয়মী টপ্প, জেসপিনা এক্কা বলেনÑ সাবেক কাউন্সিলর বাবুলের পেছনে রয়েছে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর। তিনি বাবুল কাউন্সিলরকে দিয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর স্থানীয় জমি জবর দখলসহ বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর বলেন, এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপ্রচার মিথ্যাচার করছে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন : উসকানিমূলক ধর্মীয় দাঙ্গা সৃষ্টিকারীদের শাস্তির দাবিতে গতকাল ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, যুবলীগ নেতা দেবাশীষ দত্ত সমীরের নেতৃত্বে পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হোসেন আদিবাসীদের জমি জবরদখল করতে না পেরে গত শুক্রবার বিকেলে মন্দিরপাড়ায় মসজিদে মুসলিমদের ওপর হামলা হয়েছে বলে মিথ্যা গুজব ছড়ায়। এ নিয়ে সন্ধ্যায় শহরের মন্দিরপাড়ার আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মারমুখী পরিস্থিতির সৃষ্টি হয়। অবিলম্বে সব সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন সুবাশ কুজুর, নয়মী টপ্প, জেসমিন তিগ্যা, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলীসহ অন্যরা।