কমলাপুর স্টেশনের ম্যানেজারের মোবাইল মানিব্যাগ চুরি!

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার সময় স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় এ চুরির ঘটনা ঘটে।

স্টেশনের  সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে মানিব্যাগ ও মোবাইল হাতে নিতে দেখা গেছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা গণমাধ্যম কর্মীরা জানান, বিফ্রিংয়ের শেষের দিকে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি ম্যানেজারের বাঁ পাশ থেকে ডান পাশে যান। ওই পাশেই রাখা ছিল স্টেশন ম্যানেজারের মোবাইল ফোন ও মানিব্যাগ। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর স্টেশন ম্যানেজার মোবাইল ফোন খুঁজতে গিয়ে দেখেন সেটি নেই। পরে সম্মেলনকক্ষে উপস্থিত একাধিক ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও পর্যালোচনা করে থেকে দেখা যায়, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে পাঞ্জাবি পরা ওই ব্যক্তি দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে তাকে আর স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি।

স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার সাংবাদিকদের জানান, তার মানিব্যাগে ৪৫ হাজারের মতো টাকা ছিল এবং মূল্যবান কিছু ডকুমেন্টস ছিল। চুরির ঘটনায় কমলাপুর স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।