লাউয়াছড়ায় কালবৈশাখীতে গাছ পড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে রেললাইনে গাছ ভেড়ে পড়ে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল চার ঘণ্টা বন্ধ ছিল। রবিবার ভোর সাড়ে ৪ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার রাত সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে যায় আধঘণ্টার কালবৈশাখী ঝড়। এতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ায় ৪ ঘণ্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

ফলে রাত দেড়টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। অপরদিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

রেলওয়ের গণপূর্ত বিভাগের কর্মীরা রাতে গিয়ে রেলপথে পড়ে থাকা গাছ কেটে সরানোর পর রবিবার ভোর সাড়ে ৪ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আটকে পড়া উপবন এক্সপ্রেস ট্রেনের যাত্রী আব্দুস সামাদ চঞ্চল ও শেখ শহীদুল ইসলাম জানান, ‘রাত দেড়টা থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ট্রেন আটকা পড়ে। ৪ ঘণ্টা ধরে রেলপথ বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন ট্রেনের যাত্রীরা।’

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘শনিবার রাতে বেশ গতি সম্পন্ন কালবৈশাখী ঝড় হয়েছে। এ ঝড়ে লাউয়াছড়ায় রেলপথে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। রাতেই গাছ কেটে সরানো হয়। শ্রীমঙ্গল ও ভানুগাছ স্টেশনে ৩ টি ট্রেন আটকা পড়েছিল।’