অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলো মিরাজকে

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলে আছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম ও বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

তবে দল ঘোষণার কিছুক্ষণের মধ্যে জানা গেল, চোটে পড়েছেন এই দুই তারকা। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চোট পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই দুই ক্রিকেটার।

চোটের কারণে সাজঘরে ফিরতে হয় মুশফিককে। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে পায়ের গোড়ালিতে পাওয়া চোটে বাউন্ডারি লাইনের বাইরে বসে থাকতে দেখা যায় তাকে। মাঠেই মুশফিককে প্রাথমিক চিকিৎসা দেন শেখ জামালের ফিজিও।

এর কিছুক্ষণ পর ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয় মিরাজকে। ইনিংসের ১৮তম ওভারে মিড উইকেটে প্রাইমের ওপেনার তামিম ইকবালকে তালুবন্দী করতে গিয়ে ডানহাতের আঙুলে মারাত্মক চোট পান তিনি। পরে এক্স-রে করতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিরাজকে।