জোর্গিনহোর পেনাল্টি মিস, চেলসিকে জেতালেন পুলিসিচ

৮৬তম মিনিটে দশ জনের দল হয়ে পড়ে ওয়েস্ট হাম। সেই সুযোগই কাজে লাগাল চেলসি। অবশেষে ডেভিড ময়েসের শিষ্যদের রক্ষণভাগ ভাঙতে পারে ব্লুজরা।

ম্যাচের ৯০তম মিনিটে জালের দেখা পায় চেলসি। স্প্যানিশ উইং-ব্যাক মার্কোস আলনসোর অ্যাসিস্টে ব্লুজদের স্বস্তির জয় এনে দেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা ক্রিস্টিয়ান পুলিসিচ। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে টমাস টুখেলের দল জিতেছে ১-০ গোলে।

প্রিমিয়ার লিগের শিরোপার জন্য লড়ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অন্যদিকে চেলসি, আর্সেনাল, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড লড়াই এখন সেরা চারে থাকার। নয়তো আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে থাকতে হবে দর্শক হয়ে।

সেই অভিযানে লিগের বাকি ম্যাচগুলোতে তাদের জিততেই হবে। চেলসিরও এখন জয় ছাড়া বিকল্প নেই। কিন্তু ওয়েস্ট হামের বিপক্ষে কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না টুখেলের দল। শেষ পর্যন্ত তারা স্বস্তির গোল পায় একেবারে অন্তিম মুহূর্তে।

বদলি হিসেবে মাঠে নামা রোমেলু লুকাকুকে ফাউল করলে লাল কার্ড দেখেন হ্যামারদের সেন্টার-ব্যাক ক্রেইগ ডউসন। পেনাল্টি পায় চেলসি। কিন্তু ৮৭তম মিনিটে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন জোর্গিনহো। এতক্ষণ যে রক্ষণভাগ চেলসিকে হতাশ করেছিল, শেষ মুহূর্তে তার সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন পুলিসিচ।

এই জয়ে ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছে চেলসি। দুই ম্যাচ বেশি খেলে ৫২ পয়েন্ট নিয়ে সাতে ওয়েস্ট হাম।