জুলাইয়ে চালু হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল

বছরে সাড়ে চার লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা সম্পন্ন পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের (পিসিটি) কার্যক্রম আগামী জুলাই মাসে চালু হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান। তিনি জানান, পিসিটি প্রকল্পের ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বন্দরের ১৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার শহীদ ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বন্দর চেয়ারম্যান বলেন,  বন্দরের ১ হাজার ২২৯ কোটি ৫৮ লাখ টাকায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সেখানে ৬০০ মিটার জেটিতে একসঙ্গে ১৯০ মিটার লম্বা ও সাড়ে ৯ মিটার ড্রাফটের তিনটি কনটেইনার জাহাজ ও ২২০ মিটার লম্বা ডলফিন জেটিতে একটি তেলবাহী জাহাজ ভেড়ানো যাবে।

২০২৫ সালের মধ্যে বে-টার্মিনাল প্রকল্পের তিনটি টার্মিনাল নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, বে-টার্মিনাল প্রকল্পাধীন ৬৭ একর ব্যক্তিমালিকানার জমির দলিল ২০২১ সালের অক্টোবরের শেষ সপ্তাহে বন্দরকে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ৮০৩ একর জমি প্রতীকী মূল্যে বন্দরের অনুকূলে বরাদ্দ দিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তিনি জানান, ২০২৫ সালের মধ্যে দেড় হাজার মিটার দীর্ঘ মাল্টিপারপাস টার্মিনাল, ১ হাজার ২২৫ মিটার ও ৮০০ মিটার দীর্ঘ ২টি কনটেইনার টার্মিনাল নির্মাণের লক্ষ্যে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ।

মাতারবাড়ী বন্দরের নির্মাণকাজের জন্য ঠিকাদার নিয়োগের লক্ষ্যে সহসা দরপত্র আহ্বান করা হবে জানিয়ে রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান বলেন, গত ৩০ মার্চ মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের ২৮৩ দশমিক ২৭ একর জমি কক্সবাজার জেলা প্রশাসন বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে। মাতারবাড়ী টার্মিনাল হলে ১৬ মিটারের  বেশি ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে এক দশকে ৫ লাখ ৮০ হাজার বর্গমিটার ইয়ার্ড তৈরি করায় কনটেইনার ধারণক্ষমতা ৫৫ হাজারে উন্নীত হয়েছে।   পোর্ট লিমিট ৭ নটিক্যাল মাইল থেকে ৫০ নটিক্যাল মাইলে উন্নীত করা হয়েছে। গত এক দশকে শিপ টু শোর কি গ্যান্ট্রি ক্রেন, মোবাইল হারবার ক্রেন, রাবার টায়ারড গ্যান্ট্রি ক্রেনসহ বিভিন্ন ধরনের ৩৯০টি কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংগ্রহ করা হয়েছে।  

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো.  মোস্তাফিজুর রহমান, সদস্য (অর্থ) কামরুল আমিন, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।