তিন দিনের সফরে আজ সোমবার বাংলাদেশে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে তিনি কক্সবাজার যাবেন। শুনবেন তাদের ওপর কীভাবে মিয়ানমারের জান্তা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল।
রাজকুমারী ম্যারি এলিজাবেথ হলেন ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকায় পৌঁছার পরপরই আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন তিনি। পরে বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ম্যারি। ৫০ বছর বয়সী রাজকুমারী ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেল ৫টার দিকে তার কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে এবং আগামীকাল মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন।
রাজকুমারী কক্সবাজার শহর থেকে গাড়িতে করে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প-৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটিক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসির পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। রাজকুমারী একটি খোলা শেডে ৮-১০ জন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে গাছ লাগাবেন তিনি। ম্যারি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন।
কক্সবাজার থেকে বুধবার সকালে রাজকুমারী ম্যারি সাতক্ষীরা যাবেন। সেখানে জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে কুলতী গ্রামে যাবেন। রাজকুমারী জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদে ঘুরবেন এবং সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। সেখানে তিনি বাঁধের পাশে বসবাস করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণেও যাওয়ার ইচ্ছে রয়েছে ডেনমার্কের রাজকুমারীর।
বুধবার রাতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।