নওগাঁর মান্দায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত শাকিলা আক্তারের প্রতিবেশী এক কিশোরকে গ্রেপ্তার (১৭) করেছে পুলিশ। ওই কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে।
রবিবার দুপুরে পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার ভালাইন ইউনিয়নের নিমবাড়িয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে ওই শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। শাকিলা ওই গ্রামের ছায়ের উদ্দিনের মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার পাশের এক বাড়িতে মিলাদের আয়োজন চলছিল। শাকিলা ও কয়েকজন শিশু মিলে বাড়ির উঠানে খেলা করছিল। বিকেল ৪টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।
নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, শনিবার রাত ৮টার দিকে স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সন্দেহের বশে এক কিশোরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে।
তিনি জানান, এ ঘটনায় শিশুটির বাবা থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। ওই কিশোরকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।