টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক মায়ের আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস নিতে গেলে পাখা ভেঙে পড়ে গুরুতর আহত হন মা সাহিদা বেগম। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল রবিবার দুপুরে উপজেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নম্বর পুর্নবাসন এলাকার ইউসুফের দুই ছেলে সাজিম (৬) ও সানি (৪ মাস)।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী-সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে গত শনিবার রাতে মাছ ধরতে যান ইউসুফ। গতকাল বেলা ১১টার পরও সাহিদা ঘর থেকে বের না হলে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করে। সাড়াশব্দ না পেয়ে ইউসুফকে খবর দেওয়া হয়। তিনি এসে প্রতিবেশীদের সহায়তায় বেড়া খুলে ঘরে ঢুকে দুই সন্তানকে মৃত এবং সাহিদাকে আহত অবস্থায় পান।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রাথমিকভাব সন্দেহ হলে হাসপাতালে সাহিদাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তিনি হত্যার কথা স্বীকার করে জানান পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজে ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে মরার চেষ্টা করেন। কিন্তু ফ্যানের পাখা ভেঙে পড়ে গিয়ে আহত হন সাহিদা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।