বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা প্রতিষ্ঠান ভেনাস বিউটি লিমিটেড ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি হেয়ার ফ্যাশন এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে। নতুন করখানায় ৪ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বছরে ২২ কোটি ৬০ লাখ পিস ফ্যাশন এক্সেসরিজ, প্লাস্টিকের চিরুনি, আয়না, হেডব্যান্ড, পনিটেলর এবং পলিবেন্ড উৎপাদন করবে।
এ লক্ষ্যে গতকাল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ভেনাস বিউটি লিমিটেডের মধ্যে ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু এবং ভেনাস বিউটি লিমিটেডের নির্বাহী পরামর্শক এ এম এম শামসুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, কুমিল্লা ইপিজেডে তুং হিং (বিডি) ম্যানুফেকচারিং লিমিটেড নামে চীনা কোম্পানিটির আরেকটি বৈচিত্র্যময় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে।
বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য এর আগে আরও সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। এসব প্রতিষ্ঠান ১২ কোটি ডলার বিনিয়োগ করবে, যেখানে ৩৪ হাজার ৯৫২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।