পল্টনে ছুরিকাঘাতে না.গঞ্জ বিএনপির নেতা আহত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ (৫৫) রাজধানী ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্টনের কস্তুরি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আহত মামুন মাহমুদ সোনারগাঁ ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির এই নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, তারা দুপুরের পর পল্টনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্নার অফিসে আসেন ইফতার পার্টিতে। ইফতার শেষ করে নামাজের জন্য বের হলে কস্তুরি হোটেলের সামনে তিন-চারজন দুর্বৃত্ত মামুনকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা হামলাকারীদের মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেলেন।

মনিরুল বলেন, ‘ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে কেউ তাদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।’

আহত মামুন মাহমুদের বাসা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায়। তার বুকের ডান পাশে, পায়ে ও পেটের নিচেসহ শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

পল্টন থানার ওসি মো. সালাউদ্দীন মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনার সময় জুয়েল নামে একজনকে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাকেও হাসপাতলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি ছিনতাই কি না, তদন্ত করে দেখা হচ্ছে।’