বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতিতে লুটপাট চলছে, দেশ থেকে লাখ লাখ টাকা পাচার করে দিচ্ছেএ দেখে যেন মনে হয়, বর্গিরা দেশে যেমন এসেছিল, সববিছু লুট করে নিয়ে যাচ্ছিল। আওয়ামী লীগও সেভাবে এসেছে, সবকিছু লুট করে নিয়ে যাবে এবং সেভাবে তারা এখন দেশ চালাচ্ছে।
গতকাল সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয় চত্বরে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সর্বক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি। দেশের এই অবস্থায় বিএনপি বসে থাকতে পারে না, আমরা সেই অবস্থায় দেশকে ছেড়ে দিতে পারি না। তাই সব নেতাকর্মীকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে।’
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এদের অপরাধ ক্ষমার যোগ্য নয়। তারা বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের সব প্রতিষ্ঠানকে শেষ করে দিয়েছে।’ ‘গণমাধ্যমকর্মী আইন’ তৈরির কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে। গেল তিন মাসে ৪০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তাই এ দেশে এখন কেউই নিরাপদ নয়।’ বিএনপির তৃণমূলে দল পুনর্গঠন ও সুসংগঠিত করতে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘পত্রপত্রিকায় ছবিসহ প্রকাশিত হলো ঢাকার নিউমার্কেটে আওয়ামী লীগ-ছাত্রলীগ হামলায় জড়িত। হামলায় দুজন জন মারা গিয়েছে, যার সঙ্গে ছাত্রলীগ জড়িত। কিন্তু আসামি করা হলো বিএনপি নেতাদের বিরুদ্ধে।’
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।