বাংলালিংককে ১৭ ব্যাংকের ১২০০ কোটি টাকার ঋণ

বাংলালিংককে পাঁচ বছরের জন্য ১২০০ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণ দিচ্ছে ১৭টি ব্যাংক। এই উদ্যোগে ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার, বুক রানার ও এজেন্ট অব দ্য লোন হিসেবে সহযোগীর ভূমিকা পালন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

চুক্তির আওতায় নেওয়া তহবিল বাংলালিংকের পুঁজি বিনিয়োগ, স্পেকট্রাম ক্রয় এবং সারা দেশে ফোরজি নেটওয়ার্ক আধুনিকায়নে ব্যবহার করা হবে। বাংলালিংক সম্প্রতি মোট স্পেকট্রামের পরিমাণ ৮০ মেগাহার্টজে উন্নীত করেছে, যা ফোরজির গতিতে বাংলালিংকের শীর্ষস্থান ধরে রাখতে ও দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।

অংশগ্রহণকারী অন্য ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, দি সিটি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলোন পিএলসি, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, হাবিব ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, এনসিসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

গতকাল মঙ্গলবার রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, এই বছর ৩ হাজারের বেশি নতুন বেস স্টেশন স্থাপনের পরিকল্পনাও ঘোষণা করেছে বাংলালিংক। নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাংলালিংক সম্প্রতি দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’ এবং ডিজিটাল সার্ভিস মার্কেটপ্লেস ‘অ্যাপলিংক’ চালু করার মাধ্যমে ডিজিটাল সেবার সংখ্যাকে আরও বৃদ্ধি করেছে।

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান নির্বাহী এরিক অস প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৭টি ব্যাংকের প্রধান কর্মকর্তার সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এরিক অস বলেন, ‘আমরা যে বিনিয়োগ করতে যাচ্ছি, তা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি প্রতিফলন। ভবিষ্যতে প্রবৃদ্ধির লক্ষ্যে দেশের অন্যতম সেরা ব্যাংকগুলোকে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ আমাদেরকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যের দিকে এগিয়ে নেবে। এটি আমাদেরকে বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আরও বেশি সক্ষম করে তুলবে।’

ইবিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলি রেজা ইফতেখার বলেন, ‘দেশে ডিজিটাল উদ্যোগের উন্নয়নে অর্থায়ন ও সহযোগিতার ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক প্রথম সারিতে রয়েছে। আমি আন্তরিক সহযোগিতা ও সঠিক সময়ে এই চুক্তি সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী সব ঋণদাতাকে ধন্যবাদ জানাতে চাই।’

বাংলালিংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ এ রুমি আলীও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার, বাংলালিংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার চেম ভেলিপাসাওগ্লু, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও প্রতিষ্ঠানগুলোর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।