বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ২৬ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সিয়াম জানান, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। দু’একেই তাদের নিয়ে বাসায় ফিরবেন নায়ক। পুত্রের নাম এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানালেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ। আর গত বছরের ডিসেম্বরে বেবিবাম্পের ছবি প্রকাশ করে সন্তানের আগমনের সুসংবাদটি তিনি দেন। অতঃপর তাদের ঘরে এলো নতুন অতিথি। উল্লেখ্য, ২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে। গত ২৪ ডিসেম্বর সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এছাড়া আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘শান’ চলচ্চিত্র।