বুয়েট শিক্ষার্থীকে ঢাবি শিক্ষকের যৌন হয়রানি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের এক শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন বিভাগের প্রভাষক মো. আখতারুজ্জামান সিনবাদ, ভাস্কর্য বিভাগের বর্তমান শিক্ষার্থী পুলক বাড়ৈ ও শুভ বাড়ৈ। গত সোমবার এ ঘটনার বিচার চেয়ে বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডিনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী।

অভিযোগপত্র থেকে জানা গেছে, ১৪ এপ্রিল মঙ্গল শোভাযাত্রার পরে চারুকলা অনুষদে বন্ধুদের সঙ্গে বুয়েটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এক ছাত্রী বসে ছিলেন। এ সময় শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক আখতারুজ্জামান সিনবাদ বুয়েটের ওই ছাত্রীকে দেখে ক্রমাগত শিস দিতে থাকেন। বুয়েটের ওই ছাত্রী ঢাবি শিক্ষকের দিকে তাকালে তিনি অশ্লীল মুখভঙ্গি ও চোখ টিপ দিতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, পরে ঢাবি শিক্ষক আখতারুজ্জামান সিনবাদ হুমকি-ধমকি দিয়ে কৃতকর্মের কথা স্বীকার করেন ও ছাত্রীর সঙ্গে থাকা বন্ধু হলে থাকে কি না, সেই বিষয়ে জিজ্ঞাসাপূর্বক দমনমূলক আচরণ করেন এবং তিনি যে শিক্ষক সেটা স্মরণ করিয়ে তার এহেন আচরণের বৈধতা দেওয়ার চেষ্টা করেন।

এ ছাড়া ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী পুলক বাড়ৈ ও শুভ বাড়ৈও ওই শিক্ষার্থীকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আখতারুজ্জামান বিষয়টি অস্বীকার করে বলেন, ডিন অফিস থেকে চিঠি পাঠানো হয়েছে। বক্তব্য জানতে চাওয়া হয়েছে। ঘটনাটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। এ রকম কোনো কিছু ঘটেনি। আমার শিক্ষকতা ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করতে কেউ এ ধরনের কারসাজি করছে।

এ ব্যাপারে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারপারসন সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। বিষয়টা অনুষদ দেখবে। তারা তদন্ত করে প্রমাণ পেলে ব্যবস্থা নেবে।’

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। একটি কমিটি গঠন করা হবে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিশ^বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে এ অভিযোগ পাঠানো হবে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।