নিজের ঘেরে পানি ঢোকাতে বাঁধ কাটলেন আ.লীগ নেতা

নেত্রকোনার খালিয়াজুরীতে নিজের মাছের খামারে (লোকমান ফিশারি) পানি নিতে ফসল রক্ষা বাঁধ কাটার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হেকিমের বিরুদ্ধে। গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পেতনা ফসল রক্ষা বাঁধের কিছু অংশ কেটে দেন তিনি। এতে পানির তোড়ে বাঁধের অন্তত ১২ মিটার ভেঙে যায়।

খবর পেয়ে স্থানীয় কৃষকরা ঘটনাস্থলে গিয়ে লোকমানকে ধাওয়া দেন। এ সময় তিনি মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী মোটরসাইকেলটি তার ফিশারিতে ফেলে দেন। পরে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ২৫০ শ্রমিক ও স্থানীয় কৃষকরা মিলে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে সক্ষম হন।

এ ঘটনায় গতকাল বিকেলে পাউবোর সহকারী কর্মকর্তা ওবায়দুল হক সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমসহ দুজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন।

কৃষকদের অভিযোগ, পেতনা ফসল রক্ষা বাঁধ এলাকায় দুইবারের চেয়ারম্যান লোকমান হেকিমের মাছের খামার রয়েছে। আগেও তিনি খামারে পানি ঢোকাতে বাঁধ কাটার চেষ্টা করেছেন। কিন্তু এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের বাঁধার মুখে পিছু হটেন তিনি। ধনু নদী সংলগ্ন খালিয়াজুরী এবং মদন উপজেলার ৪৭ কিলোমিটারজুড়ে পেতনা ফসল রক্ষা বাঁধ। চলতি মাসের শুরু থেকে কয়েক দফায় ভারতের উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার বিভিন্ন বাঁধে ফাটল ও ধস দেখা দেয়। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধগুলো মেরামত করা হয়। এরই মধ্যে সোমবার রাতে গোপনে এ বাঁধ কেটে দেন লোকমান হেকিম।

মেন্দিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু হাকিম বলেন, ‘লোকমান হেকিম আগেও তার মাছের খামারে পানি নিতে বাঁধ কাটার চেষ্টা করেন। প্রশাসনকে জানালে তাদের হস্তক্ষেপে তিনি পেরে ওঠেননি। কিন্তু সোমবার রাতে তিনি বাঁধটি কেটে দিয়ে এলাকাবাসীর রোষানলে পড়েন। বিএনপি থেকে আসায় লোকমানকে এলাকার সবাই হাইব্রিড নেতা হিসেবে চেনেন।’

অভিযোগের বিষয়ে জানতে লোকমান হেকিমের মোবাইল নম্বরে একাধিক ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

খালিয়াজুরী থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, খবর পেয়ে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাউবোর কর্মকর্তাদের সঙ্গে বাঁধ এলাকায় অবস্থান নেয় পুলিশ। অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমের সন্ধান করেও পাওয়া যায়নি। পাউবোর কর্মকর্তা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম বলেন, ‘লোকমান হেকিম নিজের সুবিধার্থে বাঁধ কেটে অন্যদের ক্ষতির চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, বাঁধটি গত বছর মেরামত করা হয়েছে। এমনি এমনি ভেঙে যাওয়ার কথা নয়। সোমবার রাতে বাঁধের ১২ মিটার ক্ষতিগ্রস্ত হয়ে পানি প্রবেশ করতে থাকে। জানতে  পেরে শ্রমিক, উপজেলা প্রশাসন ও স্থানীয় কৃষকরা মিলে বাঁধটি মেরামত করা হয়। ফলে দুই উপজেলার কৃষকরা এখন ঝুঁকিমুক্ত।