দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদ বিলুপ্ত ঘোষণা করে সদ্য বিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসকের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদ চেয়ারম্যান আসার আগ পর্যন্ত প্রশাসকরা দায়িত্বে থাকবেন। এর আগে ৬ এপ্রিল জেলা পরিষদে প্রশাসক নিয়োগসহ বেশ কিছু বিষয় যুক্ত করে সংসদে আইন পাস হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭ মে জেলা পরিষদের চেয়ারম্যানদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ আইন, ২০০০ (সংশোধন), ২০২২ এর ধারা ৮২ উপধারা (২) অনুযায়ী দেশের ৬১ জেলা পরিষদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।’
হাইকোর্টের প্রশ্ন : জেলা পরিষদের নির্ধারিত মেয়াদোত্তীর্ণ হওয়ার পর পরবর্তী পরিষদ গঠন না হওয়া পর্যন্ত সময়ে প্রশাসক নিয়োগসংক্রান্ত সংশোধিত আইনের বৈধতা নিয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত সংশোধিত আইন ও প্রজ্ঞাপন কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিবকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। গত ২৪ এপ্রিল বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বাবুল মিয়া হাইকোর্টে এ রিট আবেদনটি করেন।