সাংবাদিকদের তথ্যমন্ত্রী

মিথ্যাচারীদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা

প্রয়োজনে টিআইবিসহ মিথ্যাচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘করোনার টিকায় সরকার ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। বিশ্বের অনেক দেশে যখন টিকা দেওয়া শুরুই হয়নি তখন বাংলাদেশ টিকা কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত বুস্টার ডোজসহ ২৫ কোটি করোনার টিকা দেওয়া হয়েছে। উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে এই পুরো টিকাই বিনামূল্যে প্রতিটি মানুষকে দেওয়া হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছিলেন আমরা ৪০ হাজার কোটি টাকার টিকা দিয়েছি। বিশ্বে ১৩০টি দেশে যখন টিকা দেওয়া শুরুই হয়নি তখন বাংলাদেশ টিকা কার্যক্রম শুরু করেছে। দেশে টিকা দেওয়া হয়েছে ২৫ কোটি ডোজের বেশি, যার মধ্যে ১৩ কোটি প্রথম ডোজ, সাড়ে ১১ কোটির বেশি দ্বিতীয় ডোজ এবং দেড় কোটি বুস্টার ডোজ। টিকা ক্রয়, দেশব্যাপী সরবরাহ, টিকা প্রদান ব্যবস্থাপনা বাবদ ২০ হাজার কোটি টাকা খরচ করেছে। আর বিনামূল্যে সংগ্রহ করার পরিপ্রেক্ষিতে সরকার রাষ্ট্রের ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে।’

তিনি আরও বলেন, ‘দেশে করোনায় মৃত্যুহার হচ্ছে শতকরা ১ দশমিক ৫ ভাগ আর টিআইবির বিবৃতি বলছে শতকরা ৭ দশমিক ৮ ভাগ। এতেই বোঝা যায়, টিআইবি কী রকম অপেশাদার সংস্থা। বাংলাদেশে এখন পর্যন্ত মানুষের মৃত্যু হয়েছে প্রায় ৩০ হাজার অথচ টিআইবির কল্পিত মৃত্যুহার ধরলে সেই সংখ্যা হবে দেড় লাখ। কোনো গবেষণা করে না, তড়িঘড়ি করে গবেষণার নামে দেশকে দোষী করা ও সরকারের বিরুদ্ধে বিষোদগারের জন্য মনগড়া তথ্য দেওয়াটা টিআইবি উদ্দেশ্যমূলকভাবে করেছে আর মূর্খের মতো সেই সূত্র ধরে কথা বলেছেন বিএনপির রিজভী সাহেব। এ ধরনের মিথ্যাচার যারাই করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। যেখানে সমগ্র দুনিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ প্রশংসা করে, সেখানে তারা সমালোচনার বাক্স খুলে বসেছেন। প্রয়োজনে টিআইবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, লিগ্যাল নোটিস দেওয়া হবে।’

ড. হাছান মাহমুদ প্রয়াত বঙ্গবন্ধুপুত্র শেখ জামালের জন্মদিন উপলক্ষে বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের জন্মদিন। ১৯৭১ সালে ধানম-িতে গৃহবন্দি অবস্থা থেকে জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে পালিয়ে গিয়ে তিনি প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। পরে স্বাধীনতার পর তিনি যুগোসøাভিয়া ও যুক্তরাজ্যের স্যান্ডহার্স্ট থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে সেকেন্ড লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শেখ জামাল দেশকে অনেক কিছু দিতে পারতেন।’